কক্সবাজারের রামু উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলিসহ কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু মোহাম্মদ ইসমাইল নোমানের গাড়িচালক মো. সোহেল (২৭)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অস্ত্র বহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের নির্দেশনায় এবং রামু থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) নিক্সন চৌধুরীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কাউয়ারখোপ ইউনিয়নের নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।
অভিযান চলাকালে একটি মিনি পিকআপ পুলিশের থামার সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে রামু থানার সামনে মরিচ্যাগামী সড়কের হাজারীকুল এলাকা থেকে সেটিকে আটক করে।
পরে গাড়িটি তল্লাশি করে চালকের আসনের স্টিয়ারিংয়ের নিচে ব্রেকের পাশের পাদানির নিচ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়িচালক মো. সোহেলকে গ্রেপ্তার করা হয়। তিনি রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীকাটা এলাকার বদুপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্র, গুলি, মিনি পিকআপ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
কালের সমাজ/কে.পি

