অ-১৭ সুদামেরিকানো ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে আর্জেন্টিনা। রোববার প্যারাগুয়ের আসুনসিওনের সুমা স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ ফাইনালে ব্রাজিলকে অতিরিক্ত সময়ে ২-১ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।
ফাইনালে আর্জেন্টিনার হয়ে গোল করেন তোমাস বারিওস ও অধিনায়ক লরেনসো সামপেদ্রো। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন গোলরক্ষক সান্তিনো সানচেজও। বিশেষ করে প্রথমার্ধের শেষদিকে তার কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ আর্জেন্টিনাকে এগিয়ে থাকতে সহায়তা করে।
এই আসরে আর্জেন্টিনার কোচ সান্তিয়াগো বাসিলে। খেলোয়াড় হিসেবে ২০১৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া বাসিলে অ-১৭ দলের দায়িত্ব নেওয়ার পর তিনবার সুদামেরিকানোতে অংশ নিয়ে প্রতিবারই শিরোপা জিতেছেন।
শিরোপা জয়ের পথে এবার ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার প্রতিশোধও পূর্ণ হয়েছে। টুর্নামেন্টের গ্রুপ পর্বে ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরেছিল তারা। এ ছাড়া বছরের শুরুতে পানামায় অনুষ্ঠিত জুভেনাইল প্যান আমেরিকান গেমসের ফাইনালেও ব্রাজিলের কাছে পরাজিত হয়েছিল আর্জেন্টিনা।
ফাইনালে ব্রাজিলের এক খেলোয়াড় লাল কার্ড দেখায় শেষ দিকে তাদের ১০ জন নিয়ে খেলতে হয়। সেই সুযোগ কাজে লাগিয়ে অতিরিক্ত সময়ে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। এ জয়ের মধ্য দিয়ে অ-১৭ ফুটসালে দক্ষিণ আমেরিকায় নিজেদের আধিপত্য আরও একবার প্রতিষ্ঠা করল দলটি।
কালের সমাজ/এ.জে

