ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

কালের সমাজ ডেস্ক | আগস্ট ১৮, ২০২৬, ০৮:৩১ পিএম সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমাজের প্রতিটি মানুষ নিজ নিজ অবস্থান থেকে সামান্য করে এগিয়ে এলে বড় ধরনের সামাজিক সমস্যারও সমাধান করা সম্ভব। জনকল্যাণমূলক ও মানবিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের প্রতিকূল আবহাওয়া থেকে সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব শাহরিয়ার পামির জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে এবং বেসরকারি খাতের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের সহায়তায় এ কর্মসূচি নেওয়া হয়েছে। এর আওতায় সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের বিভিন্ন চা-বাগানে কর্মরত শ্রমিকদের মধ্যে মোট ২০ হাজার রেইনকোট বিতরণ করা হবে।

কর্মসূচির উদ্বোধনকালে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ১০ চা-শ্রমিকের হাতে রেইনকোট তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি শ্রমিকদের খোঁজখবর নেন।

কর্মসূচিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বাপি) ১০ হাজার, শেভরন বাংলাদেশ ৫ হাজার এবং পাণ্ডুঘর গ্রুপ ৫ হাজার রেইনকোট সরবরাহ করছে।

প্রধানমন্ত্রী বলেন, যারা মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগে অংশ নিতে চান, সরকার তাদের পাশে থাকবে। সমাজের পিছিয়ে পড়া ও শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে বেসরকারি খাতের প্রতিনিধিরা বলেন, ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ভূমিকা রাখা করপোরেট সামাজিক দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ অংশ। ভবিষ্যতেও সরকারের সঙ্গে সমন্বয় করে চা-শ্রমিকসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপদ কর্মপরিবেশ ও জীবনমান উন্নয়নে কাজ করার প্রত্যয় জানান তারা।

রেইনকোট গ্রহণের সময় শ্রীমঙ্গলের মাজদিহি চা-বাগানের শ্রমিক সন্তুকী রায় চা-শ্রমিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা হিসেবে চা-পাতা উপহার দেন।

অনুষ্ঠানে সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীনসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কালের সমাজ/কে.পি

Link copied!