ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

দীর্ঘ ২৭ বছর পর কারামুক্ত ভোলার কালু, ফিরলেন স্বজনদের কাছে

জেলা প্রতিনিধি,ভোলা | আগস্ট ১৮, ২০২৬, ০৭:৩৯ পিএম দীর্ঘ ২৭ বছর পর কারামুক্ত ভোলার কালু, ফিরলেন স্বজনদের কাছে

প্রায় তিন দশক কারাগারে থাকার পর মুক্ত জীবনে ফিরেছেন ভোলার রাজাপুর ইউনিয়নের আলোচিত দুলাল হত্যা মামলার আসামি কালু। সোমবার বেলা ১১টার দিকে ভোলা জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।

দীর্ঘ ২৭ বছর পর কালুকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনরা। প্রিয় মানুষকে ফিরে পাওয়ার আনন্দে পরিবারে নেমে আসে স্বস্তি ও আবেগের মুহূর্ত।

মামলার নথি ও সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ২০০০ সালের দিকে রাজাপুরের শান্তির হাট বাজার এলাকায় ঘর উত্তোলনকে কেন্দ্র করে কালু ও দুলাল পক্ষের মধ্যে বিরোধ ও সংঘর্ষ হয়। একপর্যায়ে গুলির ঘটনায় দুলাল নিহত হন। পরে কালু ও তাঁর সহযোগী শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত দুজনকেই যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর দীর্ঘ সময় কারাগারে সাজা ভোগ করেন তারা।

কারাবিধি অনুযায়ী সাজা ভোগ, রেয়াতসহ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে কালু মুক্তি পেয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রায় তিন দশক পর মুক্ত বাতাসে ফিরে পরিবারের সঙ্গে নতুন করে জীবন শুরু করার সুযোগ পেয়েছেন কালু। দীর্ঘ কারাবাস শেষে তাঁর এই মুক্তি পরিবার ও স্বজনদের মাঝে তৈরি করেছে আবেগঘন পরিবেশ।

কালের সমাজ/কে.পি

Link copied!