সামনে এগিয়ে যেতে হলে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আমাদের সরকারের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে, আমি অতীতে পিছনে যেতে চাই না। সামনে যেতে চাই। সেজন্যই আমরা সকলকে নিয়ে সামনে এগোতে চাই। আমাদেরকে যদি সামনে এগোতে হয়, তাহলে আমাদেরকে সকলকে একত্রিত কাজ করতে হবে, একত্রে যেতে হবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, সমস্যা তো থাকবেই। একটি দেশে বিভিন্ন শ্রেণির মানুষ আছে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বা বিভিন্ন দপ্তর আছে। স্বাভাবিকভাবে আমরা যেহেতু মানুষ, আমাদের বিভিন্ন রকম সুবিধা-অসুবিধা থাকবেই। সরকারও বিভিন্ন রকম পলিসি নেবে এবং পলিসিগুলো কমবেশি সবার স্বার্থ বিবেচনা করেই নেবে।
তিনি আরও বলেন, রাজস্ব বোর্ডে আপনাদের সমস্যা ছিল, আপনারা তুলে ধরেছেন। তবে যেহেতু আমি বললাম, আমরা সকলকে নিয়ে এগোতে চাই, যেটি অতীতে হয়ে গেছে হয়ে গেছে। আমাদের প্রত্যাশা থাকবে যে ইনশআল্লাহ ভবিষ্যতে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আপনারা যেটি চাইছেন সরকারের কাছে, সরকার অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে এটি বিবেচনা করবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা চাই সকলকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসারস আছেন তাদেরকে আরও বেশি করে কাজ করার সুযোগ করে দিতে। তারা যাতে দেশের জন্য আরও বেশি কন্ট্রিবিউট করতে পারেন এবং সেই কারণে যেই পরিবেশ তৈরি করা দরকার সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেই পরিবেশ তৈরি করা।
কালের সমাজ/এসআর

