স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয়টা জনগণ বলবে। আমরা তো সবসময় বলব আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি। তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নীতকরণের জন্য আরও সময় লাগবে।
আজ সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেছেন, আমাদের এখন মাত্র ছয় মাস পার হলো। এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করেছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসনীয় বিভিন্ন উদ্যোগ আপনারা দেখতে পেয়েছেন।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা দুই-একটি সংকটময় মুহূর্ত খুব সফলতার সঙ্গে মোকাবেলা করেছি। যেমন মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেল এবং গ্যাসের সরবরাহ নিয়ে সারা বিশ্বে সংকট সৃষ্টি হয়েছিল। বাংলাদেশও এর বাইরে নয়। কিন্তু আমরা দীর্ঘ এক মাস পর্যন্ত কোনো জ্বালানি তেলের বা গ্যাসের মূল্য বৃদ্ধি করিনি। একটা পর্যায়ে বোরো মৌসুমের সময় শেষ হয়ে যাওয়ার পরে আমরা সহনীয় মাত্রায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের গ্যাস সংকট, জ্বালানি সংকট এগুলো বিগত ফ্যাসিবাদী সময়ে রেখে যাওয়ার সমস্যা। আমরা ওভারনাইট এখান থেকে ওভারকাম করতে পারিনি। তো এখন এই সমস্তগুলো সাকসেসফুলি আমরা মোকাবেলার চেষ্টা করছি এবং ভবিষ্যতে যাতে জ্বালানি নিরাপত্তা রাখা যায়, জ্বালানি তেলের সরবরাহ ঠিক রাখা যায় এবং আমরা মজুদ রাখতে পারি একটা সার্টেন সময়সীমা পর্যন্ত সেই পরিকল্পনা আমরা নিচ্ছি।
কালের সমাজ/কে.পি

