ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

বদলে যাচ্ছে বাংলাদেশের অর্থবছরের সময়কাল

নিজস্ব প্রতিবেদক | আগস্ট ১৭, ২০২৬, ১০:২৮ পিএম বদলে যাচ্ছে বাংলাদেশের অর্থবছরের সময়কাল

বাংলাদেশের অর্থবছরের প্রচলিত সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামীতে অর্থবছর হবে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ। বর্তমানে দেশে ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত অর্থবছর গণনা করা হয়।

তবে পরিবর্তনটি কার্যকর করার আগে ২০২৭-২৮ অর্থবছরকে অন্তর্বর্তীকালীন বা ট্রানজিশনাল অর্থবছর হিসেবে বিবেচনা করা হবে। ওই অর্থবছর নয় মাসে, অর্থাৎ ২০২৭ সালের জুলাই থেকে ২০২৮ সালের মার্চ পর্যন্ত চলবে।

এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে ১ এপ্রিল-৩১ মার্চ সময়সীমায় নতুন অর্থবছর কার্যকর হবে।

সোমবার রাতে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে জুলাই-জুন অর্থবছর হওয়ায় বছরের শুরুতেই বর্ষাকাল পড়ে। ফলে জুলাই-আগস্টসহ বর্ষার সময়ে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ চলতে থাকে। এতে কাজের সময় বাড়ার পাশাপাশি নির্মাণকাজের মান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে এবং জনদুর্ভোগও তৈরি হয়।

নতুন সময়সূচিতে অর্থবছর এপ্রিল থেকে শুরু হলে বর্ষা শুরুর আগেই গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন কার্যক্রম শেষ করার সুযোগ তৈরি হবে। এ কারণেই এপ্রিল-মার্চ সময়কে অর্থবছর হিসেবে নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার।

অর্থবছরের সময়সীমা পরিবর্তন বাস্তবায়নে মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, লেজিসলেটিভ বিভাগ ও অর্থ বিভাগসহ সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে একটি কমিটি পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করবে।

এ জন্য সংবিধান ও জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭-এ প্রয়োজনীয় সংশোধন আনতে হতে পারে। পাশাপাশি নতুন অর্থবছরের সঙ্গে সামঞ্জস্য রাখতে সরকারের আর্থিক ব্যবস্থাপনার বিভিন্ন প্রযুক্তিগত ও সফটওয়্যার ব্যবস্থাতেও পরিবর্তন আনা হবে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭-২৮ অর্থবছর হবে নয় মাসের একটি অন্তর্বর্তীকালীন অর্থবছর। এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন এপ্রিল-মার্চ সময়সূচিতে সরকারের সব আর্থিক কার্যক্রম পরিচালিত হবে।

কালের সমাজ/কে.পি

 

 

Link copied!