মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে কক্সবাজারের উখিয়ার পালংখালীতে মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় উখিয়া থানার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। র্যালিটি পালংখালীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি পথসভায় মিলিত হয়।
পথসভায় উখিয়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান মাদকবিরোধী অভিযানে পুলিশের কঠোর অবস্থানের কথা তুলে ধরে বলেন, “হয় মাদক ছাড়বেন, না হয় উখিয়া ছাড়বেন। হয় জেলখানায় যাবেন, না হয় মাদক ছেড়ে দেবেন।”
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবার, পরিবহন ও সেবনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

