কক্সবাজারের জন্য আবারও এলো গর্বের সংবাদ। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার খ্যাতনামা ডিউক ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করার জন্য বহুল কাঙ্ক্ষিত ফুল-ফান্ডেড স্কলারশিপ অর্জন করেছেন কক্সবাজারের কৃতী সন্তান তাসনুবা ইসলাম তিহা।
তাসনুবা ইসলাম তিহা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আতিকুল ইসলাম সিআইপির সুযোগ্য কন্যা। তিনি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইলের সাবেক চেয়ারম্যান মরহুম নুরুল ইসলামের নাতনি।
শিক্ষাজীবনে মেধা ও কৃতিত্বের স্বাক্ষর রাখা তাসনুবা ইতোপূর্বে ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছেন। উচ্চশিক্ষার নতুন অধ্যায়ে এবার তিনি পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। ডিউক ইউনিভার্সিটিতে পিএইচডির এই সুযোগ তার দীর্ঘদিনের অধ্যবসায়, মেধা ও পরিশ্রমের অনন্য স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
তাসনুবার এই অর্জনে গর্বিত তার পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। বিশেষ করে কক্সবাজারের একজন কন্যা হিসেবে আন্তর্জাতিক পর্যায়ের এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চতর গবেষণার সুযোগ পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
তাসনুবার ছোট বোন নাইমা ইসলাম নমিও নর্থ সাউথ ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টিতে শিক্ষকতা করেছেন।
এমন অর্জন শুধু তাসনুবা ও তার পরিবারের নয়, পুরো কক্সবাজারবাসীর জন্যও গর্ব ও আনন্দের বিষয়। তার এই সাফল্য কক্সবাজারের তরুণ প্রজন্মকে উচ্চশিক্ষা ও গবেষণায় আরও এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন শুভাকাঙ্ক্ষীরা।
মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তাসনুবার বাবা আতিকুল ইসলাম সিআইপি
কালের সমাজ/কে.পি

