ফরিদপুরের নগরকান্দা পৌর বাজারের কেন্দ্রীয় কালী মন্দিরের দরজার তালা ভেঙে রাধাকৃষ্ণ ও গোপালের দুটি পিতলের মূর্তি চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
রোববার (১৬ আগস্ট) রাতে কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে।
মন্দির সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মন্দিরের পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করছেন সালথা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের বরুণ সরকার। প্রতিদিনের মতো রোববার রাতেও পূজা-অর্চনা শেষে তিনি বাসায় চলে যান। সোমবার সকালে মন্দিরে এসে দরজা খোলা দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে রাধাকৃষ্ণ ও গোপালের দুটি পিতলের মূর্তি দেখতে না পেয়ে বিষয়টি মন্দির কমিটিকে জানান।
খবর পেয়ে মন্দির কমিটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নগরকান্দা থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চুরির বিষয়ে তদন্ত শুরু করে। চোর শনাক্তে বাজারের বিভিন্ন স্থানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও সংরক্ষণ করা হয়েছে বলে জানা গেছে।
মন্দিরের পুরোহিত বরুণ সরকার বলেন, “রাতে পূজা শেষে বাসায় চলে যাই। সকালে এসে দেখি মন্দিরের দরজা খোলা। ভেতরে গিয়ে দেখি রাধাকৃষ্ণ ও গোপালের দুটি মূর্তি নেই।”
মন্দির কমিটির সভাপতি রণদা প্রসাদ বলেন, “সকালে খবর পেয়ে মন্দিরে এসে দেখি দুটি মূর্তি চুরি হয়ে গেছে। বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়েছে। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। মূর্তি চুরি হওয়ায় আমাদের ধর্মীয় কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হয়েছে।”
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, “বাজারের কালী মন্দির থেকে দুটি মূর্তি চুরির বিষয়ে মন্দির কমিটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। চোরদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”
পুলিশ জানিয়েছে, চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
কালের সমাজ/কে.পি

