ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

কোটি টাকার সড়ক দের বছর ধরে অচল এক ভাঙা কালভার্টে

জেলা প্রতিনিধি, নরসিংদী | আগস্ট ১৭, ২০২৬, ০৮:৩৯ পিএম কোটি টাকার সড়ক দের বছর ধরে অচল এক ভাঙা কালভার্টে

নরসিংদীর বেলাব উপজেলার চর উজিলাব ইউনিয়নের দেওয়ানেরচর গ্রামের একটি ভাঙা কালভার্টের কারণে প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কটি দেড় বছর ধরে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। দীর্ঘদিন ধরে কালভার্টটি সংস্কার কিংবা নতুন করে নির্মাণ না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে যানবাহন চলাচল বন্ধ থাকায় সড়কটির বিভিন্ন অংশে এখন ঘাস-লতাপাতা জন্মেছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার চর উজিলাব ইউনিয়নের দেওয়ানের গ্রামের ভেতর দিয়ে দেওয়ানেরচর ঈদগাহ মাঠ সড়ক থেকে বারৈচা-বেলাব সড়ক পর্যন্ত ৮৮৫ মিটার সড়ক নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ২০২৪ সালের শেষের দিকে এলজিইডির একটি প্রকল্পের আওতায় সড়কটির নির্মাণকাজ শেষ হয়।

বেলাব উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৪ সালে উপজেলার বিভিন্ন স্থানে মোট ২ হাজার ৫৭৫ মিটার সড়ক নির্মাণের একটি প্যাকেজের আওতায় দেওয়ানের গ্রামের এই ৮৮৫ মিটার সড়ক নির্মাণ করা হয়। এতে ব্যয় হয়েছে প্রায় ১ কোটি ৩ লাখ টাকা।

স্থানীয়দের অভিযোগ, সড়কটি নির্মাণের মাত্র চার মাসের মাথায় দেওয়ানেরচর ঈদগাহ মাঠের পাশে থাকা পূর্বে নির্মিত একটি কালভার্ট ভেঙে যায়। এরপর থেকে কালভার্টটি সংস্কার বা নতুন করে নির্মাণের কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। দেখতে দেখতে প্রায় দেড় বছর পেরিয়ে গেলেও এখনো কালভার্টটি ব্যবহার উপযোগী হয়নি।

কালভার্টটি ভেঙে যাওয়ায় সড়কটির একাংশে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে স্থানীয় কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে। বিশেষ করে মালামাল পরিবহন ও কৃষিপণ্য বাজারজাত করতে গিয়ে স্থানীয়দের বাড়তি সময় ও অর্থ ব্যয় হচ্ছে।

স্থানীয়রা আরও জানান, বিপুল অর্থ ব্যয়ে নতুন সড়ক নির্মাণের পর সেটি দীর্ঘদিন যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে থাকা অত্যন্ত দুঃখজনক। দ্রুত কালভার্টটি নির্মাণ করা হলে সড়কটি সচল হওয়ার পাশাপাশি এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগও কমবে।

এলাকাবাসীর দাবি, জনসাধারণের চলাচলের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত ভাঙা কালভার্টটি সংস্কার অথবা নতুন কালভার্ট নির্মাণ করে সড়কটি যান চলাচলের উপযোগী করা হোক।

এ বিষয়ে বেলাব উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী লোকমান হোসাইন বলেন, “বিষয়টি আমরা অবগত আছি। কালভার্ট নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করি, খুব দ্রুত কালভার্টের কাজ করতে পারব।”

দীর্ঘদিন ধরে পড়ে থাকা কালভার্টটি কবে নাগাদ নির্মাণ করা হবে এবং কবে প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কটি পুরোপুরি সচল হবে—এখন সেটিই স্থানীয়দের প্রধান প্রশ্ন।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!