কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে হানিফ মিয়া নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে শহরের লালদিঘীর পাড় এলাকার এন্ডারসন রোডের সৌদিয়া আবাসিক হোটেলের ১৯ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট হানিফ মিয়া ওই কক্ষটি ভাড়া নিয়ে হোটেলে অবস্থান করছিলেন। সোমবার দুপুর ১২টার দিকে কক্ষের ভেতরে তার মরদেহ পড়ে থাকতে দেখে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত হানিফ মিয়া ঢাকার পল্লবী থানার মিরপুর বাউনিয়া বেড়িবাঁধ এলাকার ব্লক-বি’র বাসিন্দা মোহাম্মদ সিকান্দার গাজীর ছেলে।
এদিকে হানিফ মিয়ার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এটি স্বাভাবিক মৃত্যু, নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে—তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের পর মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
কালের সমাজ/কে.পি

