গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির নেতৃবৃন্দ। গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের নির্দেশে সোমবার (১৭ আগস্ট) ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন তারা।
জানা গেছে, উপজেলার বহুগ্রাম গ্রামের তুষার বিশ্বাসের বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি ঘর পুড়ে যায়। এতে পরিবারটি ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে এমপি সেলিমুজ্জামান সেলিমের নির্দেশে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান ও সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের খোঁজখবর নেন।
এ সময় এমপি সেলিমুজ্জামান সেলিমের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ১০ কেজি আটা, ১০ কেজি চিড়া, ১০ কেজি মুড়ি, গুড় ও নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এনামুল মোল্যা, বিএনপি নেতা হাফিজুর রহমান, আশরাফ আলী, ইউপি সদস্য আশিষ মজুমদারসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে বিএনপি নেতৃবৃন্দ বলেন, দুর্যোগ ও বিপদের সময়ে মানুষের পাশে দাঁড়ানোই মানবিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারটির পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখারও আশ্বাস দেন তারা।
কালের সমাজ/কে.পি

