ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

যেভাবে ‘পিংক বাস’র চালক হলেন রিমা

নিজস্ব প্রতিবেদক | আগস্ট ১৮, ২০২৬, ০১:৪৫ পিএম যেভাবে ‘পিংক বাস’র চালক হলেন রিমা

রাজধানীর সড়কে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে আজ মঙ্গলবার থেকে চালু হয়েছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। পিংক রঙের এই বাস সার্ভিস পরিচালিত হবে নারী চালক ও কন্ডাক্টর দিয়ে।

নারী হয়ে আরেক নারীকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার আনন্দ শেয়ার করেছেন খাদিজাতুল রিমা। তিনি জানিয়েছেন, নারীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই স্বেচ্ছায় এ দায়িত্ব নিয়েছেন।

এক ভিডিওতে খাদিজাতুল রিমাকে বলতে শোনা যায়, এই প্রথমবার বাংলাদেশে মহিলা বাস সার্ভিস চালু হতে যাচ্ছে। বিষয়টি নিয়ে আমি খুবই আনন্দিত ও উচ্ছ্বসিত। এর আগে বাস সার্ভিস থাকলেও এবার এক নারী হিসেবে এত বড় ডাবল ডেকার বাস চালানোর সুযোগ পাচ্ছি—এটি আমার জন্য সত্যিই গর্বের।

বাস চালানোর প্রশিক্ষণ সম্পর্কে তিনি বলেন, আগে আমি প্রাইভেট কার, স্কুটি ও মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ নিয়েছি। বিআরটিসিতে আমি এক নারী প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছি। এরপর গাজীপুরে এক মাস ১৩ দিনের বাস চালানোর প্রশিক্ষণ হয়। সেখানে প্রশিক্ষণ নিয়ে আমি উত্তীর্ণ হই। এরপর আমাকে নারী বাস সার্ভিসে চালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এক নারী হিসেবে আরেকজন নারীকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে পারা এবং আবার নিরাপদে ফিরিয়ে আনতে পারা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। আগে গণপরিবহণে নারী-পুরুষ সবাই একসঙ্গে যাতায়াত করতেন। অনেক সময় হুড়োহুড়ির মধ্যে নারীরা ইভটিজিং ও অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার হতেন। সে দিক থেকে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস একটি বড় ইতিবাচক উদ্যোগ। এখানে নারীরা আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন।

খাদিজাতুল রিমা বলেন, ইনশাআল্লাহ, আমরা সরকারকে নিরাশ করব না। জনগণকে ভালো সেবা দিতে পারলে এবং সরকারের প্রত্যাশা পূরণ করতে পারলে এই সার্ভিস দীর্ঘদিন চালু রাখা সম্ভব হবে বলে আমি আশাবাদী।

তিনি বলেন, এই বাসে শুধু নারী চালক ও নারী কন্ডাক্টর থাকবেন। এখানে পুরুষদের কোনো ব্যবস্থা নেই। ফলে নারীরা নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন এবং ইভটিজিং বা অনাকাঙ্ক্ষিত স্পর্শের মতো ঘটনার ঝুঁকিও কমবে।

বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ এই বাস সার্ভিসে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা।

যেসব রুটে চলবে পিংক বাস
রাজধানীতে নতুনবাজার (কোকাকোলা)-মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার-মতিঝিল, মিরপুর-১০-মতিঝিল, মিরপুর-১২-মতিঝিল, আব্দুল্লাহপুর-কোয়ার্টার-জিপিও, মিরপুর-মতিঝিল ও মোহাম্মদপুর-মতিঝিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে এসব বাস চলাচল করবে। এছাড়া গাজীপুর-বিমানবন্দর রুটেও বিশেষ বাস রাখা হবে।

নতুনবাজার থেকে মতিঝিলগামী বাস কোকাকোলা, নতুনবাজার, বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিলে পৌঁছাবে। এ ছাড়া মিরপুর, মোহাম্মদপুর, ডেমরা ও আব্দুল্লাহপুর থেকে চলাচলকারী বাসগুলো রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা যুক্ত করবে।

রাজধানীর বাইরে বগুড়ায় শেরপুর-মাটিডালি রুটে দুটি এবং চট্টগ্রামে কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি বাস চলবে। চট্টগ্রামের বাসগুলো কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড়, লালখান বাজার।

কালের সমাজ/এসআর

Link copied!