ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে আলোকসজ্জা

নিজস্ব প্রতিবেদক | আগস্ট ১২, ২০২৬, ০৯:২৫ পিএম সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনার অংশ হিসেবে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং আলোকসজ্জা সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করতে বলা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) থেকে নতুন এই নির্দেশনা কার্যকর হবে। বুধবার (১২ আগস্ট) রাতে বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক স্মারকে এসব নির্দেশনা দেওয়া হয়।

স্মারকে বলা হয়েছে, শপিং মল, মার্কেট ও দোকানগুলো সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকানসহ জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এই সময়সীমার আওতামুক্ত থাকবে। এ ছাড়া দেশের বিভিন্ন এলাকায় চলমান ও অনুষ্ঠেয় মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৮টার মধ্যে শেষ করতে হবে।

এর আগে গত ১১ জুন জারি করা সরকারি নির্দেশনা অনুযায়ী, শপিং মল, মার্কেট ও দোকান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সুযোগ ছিল। নতুন সিদ্ধান্তে সেই সময়সীমা এক ঘণ্টা কমিয়ে রাত ৮টা করা হলো। নতুন নির্দেশনায় সন্ধ্যা ৭টার মধ্যে সব আলোকিত বিলবোর্ড বন্ধ করার পাশাপাশি বিভিন্ন ধরনের আলোকসজ্জা সম্পূর্ণভাবে বন্ধ রাখতে বলা হয়েছে। বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মামুন ভূঁইয়া স্বাক্ষরিত স্মারকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনাগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

কালের সমাজ/কে.পি
 

Link copied!