আগামী ১৬ আগস্ট ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আমিচি বাংলা ফেস্টিভ্যাল–সিজন টু’। এবি জেন প্রেজেন্টসের আয়োজনে এবারের উৎসবের প্রধান আকর্ষণ বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি নগরবাউল জেমস। দীর্ঘদিন পর ইতালির মাটিতে জেমসের লাইভ কনসার্ট ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
রোমের পাশাপাশি মিলান, নেপলস, ফ্লোরেন্সসহ ইতালির বিভিন্ন শহর থেকে দর্শকরা এরই মধ্যে কনসার্টের টিকিট সংগ্রহ করেছেন। যদিও রোমের পরে দেশটির আরো কয়েকটি স্থানে লাইভ কনসার্ট করার কথা রয়েছে জেমসের। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বাংলা গান ও সংস্কৃতির প্রতি আগ্রহী দর্শকদেরও এই আয়োজনে অংশগ্রহণের সুযোগ থাকবে। জেমসের জনপ্রিয় গানগুলো সরাসরি উপভোগের অপেক্ষায় রয়েছেন প্রবাসীরা।
প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা, দীর্ঘদিন পর নগরবাউল জেমসের লাইভ পারফরম্যান্স তাদের জন্য আনন্দের পাশাপাশি দেশের সংস্কৃতি ও সংগীতের সঙ্গে নতুন করে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করবে। বিশেষ করে নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও বাংলা ব্যান্ড সংগীতের প্রতি আগ্রহ বাড়াবে এই আয়োজন। য়োজক দেশি ইভেন্ট এবিজেনের পরিচালক হোসাইন আহমেদ মোয়াজ বলেন, অনুষ্ঠান সফল করতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতালির পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, প্রবাসের মাটিতে বাংলা সংস্কৃতি ও সংগীতকে তুলে ধরাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য। নতুন প্রজন্মের কাছে বাংলা গান ও সংস্কৃতিকে আরও বিস্তৃতভাবে পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। আয়োজকদের প্রত্যাশা, ১৬ আগস্টের ‘আমিচি বাংলা ফেস্টিভ্যাল–সিজন টু’ শুধু একটি কনসার্ট নয়, বরং ইতালিপ্রবাসী বাংলাদেশিদের জন্য একটি বড় সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হবে।
কালের সমাজ/কে.পি

