ঢাকা বুধবার, ০৫ আগস্ট, ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

লোকসংগীতশিল্পী মুজিব পরদেশী কারাগারে

কালের সমাজ ডেস্ক | আগস্ট ৪, ২০২৬, ১০:০৭ পিএম লোকসংগীতশিল্পী মুজিব পরদেশী কারাগারে

১০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় লোকসংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক মুজিব পরদেশীকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এই আদেশ দেন।

ইদ্রিস আলী বিশ্বাস নামের এক ব্যক্তি ২০২২ সালের মাগুরার আদালতে মুজিব পরদেশীর বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় ২০২৩ সালের ১৫ মার্চ মাগুরার ২য় যুগ্ম দায়রা জজ মুহাম্মদ আনোয়ার ছাদাত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ ১০ লাখ টাকা অর্থদণ্ড করেন। মুজিব পরদেশী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এর আগে সোমবার উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন জানান, উত্তরা পশ্চিম থানা পুলিশ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তবে মুজিব পরদেশীর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তবে বাদীপক্ষের আইনজীবী সফিকুল ইসলাম জামিনের বিরোধিতা করেন।

তিনি বলেন, ‘আসামির আইনের প্রতি শ্রদ্ধা নেই। মামলার বিষয়ে অবগত থাকলেও পলাতক ছিলেন। সোমবার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আসামিকে জামিন দিলে বাদীর ক্ষতি। সে জন্য জামিন নামঞ্জুর করে আসামিকে কারাগারে প্রেরণ করার প্রার্থনা করছি।

প্রসঙ্গত, মুজিব পরদেশী বাংলাদেশের একজন জনপ্রিয় লোকসংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক। তার আসল নাম মুজিবুর রহমান মোল্লা। তিনি আশির দশকে বাংলা ফোক গান ও লোকগীতির মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

কালের সমাজ/কে.পি
 

Link copied!