ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান!

বিনোদন ডেস্ক | আগস্ট ২, ২০২৬, ০২:০৮ পিএম যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান!

দীর্ঘদিন ধরে দেশের চলচ্চিত্রে কোরিওগ্রাফার হিসেবে কাজ করে পরিচিতি পেয়েছেন অ্যাডলফ খান। ‘সুদর্শন পুরুষ’ হিসেবে দর্শকদের কাছেও বেশ পরিচিত তিনি। এবার সেই পরিচিতির গণ্ডি পেরিয়ে অভিনয়ে আরও বড় চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন এই কোরিওগ্রাফার।

নির্মাতা মো. ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন তিনি। জানা গেছে, ছবিতে তাকে দেখা যাবে যৌনকর্মীর দালাল চরিত্রে।

শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সিনেমাটির মহরত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে অ্যাডলফ খানের নাম ঘোষণা করা হয়। এ সময় নির্মাতা জানান, গল্পের গুরুত্বপূর্ণ একটি চরিত্রের জন্যই তাকে বেছে নেওয়া হয়েছে।

নির্মাতা মো. ইকবাল বলেন, ‘চরিত্রটির জন্য এমন একজন শিল্পীর প্রয়োজন ছিলো যিনি উপস্থিতি ও ব্যক্তিত্ব দিয়ে আলাদা ছাপ ফেলতে পারবেন। সেই বিবেচনা থেকেই অ্যাডলফ খানকে নেওয়া হয়েছে।’

নতুন সিনেমায় যুক্ত হয়ে বেশ উচ্ছ্বসিত অ্যাডলফ খান। তিনি বলেন, ‘কোরিওগ্রাফির পাশাপাশি অভিনয়ও আমার ভালোবাসার জায়গা। ‘গুলশানের চামেলি’-তে এমন একটি চরিত্র পেয়েছি, যেখানে নিজেকে নতুনভাবে উপস্থাপনের সুযোগ রয়েছে। দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব।’

May be an image of car, jeep and text that says ‍‍`Media শভ মহরত ME E M RI AUGUST 01, 2026 07:30PM E R PADMA PADMAHALL HALL Pan Pacific Sonargaon Dhaka CAST INTRODUCTION SESSION & & SPECIAL RANDE 台 ROVER JATE‍‍`

জানা গেছে, ‘গুলশানের চামেলি’ নির্মিত হচ্ছে রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করে। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে একজন যৌনকর্মী, যিনি কোনো অপরাধ না করেও বারবার ক্ষমতার নির্মম খেলার শিকার হন। এই চরিত্রে অভিনয় করবেন টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার।

সিনেমাটিতে অ্যাডলফ খান ছাড়াও অভিনয় করবেন রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, মিশা সওদাগর, আশীষ খন্দকার, মুকিত জাকারিয়াসহ আরও অনেকে।

কালের সমাজ/এসআর

Link copied!