ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

স্নিগ্ধাকে নিয়ে সমালোচনার জবাবে যা বললেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া

কালের সমাজ ডেস্ক | জুলাই ২৯, ২০২৬, ১২:৩৯ পিএম স্নিগ্ধাকে নিয়ে সমালোচনার জবাবে যা বললেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া

আলোচিত মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর নির্যাতনের অভিযোগের ঘটনায় মডেল ও অভিনেত্রী মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলাম এবার মুখ খুলেছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ভুক্তভোগীর বক্তব্যের ধরন নয়, বরং ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

স্ট্যাটাসে জেসিয়া ইসলাম লিখেছেন, স্নিগ্ধা তার ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে নিজের গাড়ি, বাসস্থান, নিজেকে ‘এ-গ্রেড মডেল’ বলা কিংবা বলিউড অভিনেত্রীর মতো দেখতে- এসব বিষয় উল্লেখ করেছেন কি না তা নিয়ে তিনি কোনো বিচার করতে চান না।

তার ভাষ্য, এমন ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া একজন মানুষ মানসিকভাবে এতটাই বিপর্যস্ত থাকতে পারেন যে, তার কাছ থেকে নিখুঁতভাবে বা গুছিয়ে সবকিছু বলার প্রত্যাশা করা বাস্তবসম্মত নয়।

জেসিয়া আরও বলেন, আলোচনার মূল বিষয় হওয়া উচিত অভিযোগের তদন্ত এবং দায়ী ব্যক্তির জবাবদিহি। তিনি যেই হোন না কেন, আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। এমন দৃষ্টান্ত তৈরি করতে হবে, যাতে অর্থ, ক্ষমতা বা প্রভাবের জোরে কেউ কোনো নারীকে নিজের সম্পত্তি বা ভোগের বস্তু মনে করার সাহস না পায়।

স্ট্যাটাসের শেষাংশে তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, একজন ভুক্তভোগী কীভাবে তার ট্রমার কথা বলেছেন, সেই বর্ণনার ছোটোখাটো অসম্পূর্ণতা নিয়ে নয়; বরং ঘটনার সত্যতা উদ্ঘাটন ও ন্যায়বিচারের দাবিতে সোচ্চার হওয়াই এখন সবচেয়ে জরুরি।

কালের সমাজ/এসআর

Link copied!