খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) উপাচার্য প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (৩ আগস্ট) বিকেল ৪টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় খুবি উপাচার্য খুকৃবির নবনিযুক্ত উপাচার্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, শিক্ষা-গবেষণার অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন।
সাক্ষাৎকালে খুকৃবির উপাচার্য বলেন, নবীন বিশ্ববিদ্যালয় হিসেবে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন। তিনি বিশেষ করে গবেষণাগারের (ল্যাবরেটরি) সুবিধা সম্প্রসারণে খুলনা বিশ্ববিদ্যালয়ের কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা, প্রযুক্তি বিনিময় এবং সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ উদ্যোগকে স্বাগত জানিয়ে উভয় বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, শিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধনে দুই বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উচ্চশিক্ষা ও গবেষণার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান, এগ্রোনমি বিভাগের সহকারী অধ্যাপক ড. ইসরাত জাহান আইরিন, ফার্ম স্ট্রাকচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম, ফিশারিজ রিসোর্সেস কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ মেহেদী আলম এবং এগ্রিকালচারাল ইকোনমিক্স বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জহুরুল ইসলাম। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভবিষ্যতে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে যৌথভাবে কাজ করার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়।
কালের সমাজ/কে.পি

