বাগেরহাটের চিতলমারী উপজেলার থানার উত্তর পাশ দিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন অংশ কাদা ও পানিতে তলিয়ে যায়, ফলে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল প্রায় অচল হয়ে পড়ে। প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয়দের ভাষ্য, চিতলমারী বাজারের প্রধান সড়কে প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হয়। সে সময় থানার উত্তর পাশের এই সড়কটিই বিকল্প পথ হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বর্তমানে সেই সড়কও ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এতে একদিকে যেমন বিকল্প পথের সুবিধা নষ্ট হচ্ছে, অন্যদিকে প্রধান সড়কের যানজটও আরও প্রকট আকার ধারণ করছে।
এলাকাবাসীর অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষা মৌসুম এলেই একই সমস্যার পুনরাবৃত্তি ঘটে, অথচ স্থায়ী সমাধানে নেই কোনো কার্যকর পদক্ষেপ।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কের বড় বড় গর্তে পানি জমে থাকায় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে। বিশেষ করে মোটরসাইকেল, ভ্যান, অটোরিকশা এবং সাইকেল চালকদের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে। অনেক সময় জরুরি রোগী বহনকারী যানবাহনও এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে বিপাকে পড়ে।
জনস্বার্থে এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কারের জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, এই গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটি দ্রুত সংস্কার করা হলে যেমন সাধারণ মানুষের দুর্ভোগ কমবে, তেমনি চিতলমারী বাজারের যানজটও অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল। তাদের প্রত্যাশা, জনদুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অতি দ্রুত সড়কটির সংস্কারকাজ শুরু করা হবে।
কালের সমাজ/কে.পি

