বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে ২০ হাজার ২০ পিস বার্মিজ ইয়াবা, একটি মোবাইল ফোনসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অভিযানে জড়িত আরও একজন পালিয়ে যায়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) অধিনায়কের সার্বিক দিকনির্দেশনায় ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ ফাক্রিকাটা এলাকায় অভিযান পরিচালনা করে এসব ইয়াবা উদ্ধার করে।
আটক যুবকের নাম শফিকুল হাসান (১৯)। তিনি কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের আদর্শগ্রাম মুরাকাটা এলাকার নুরুল ইসলামের ছেলে। তার কাছ থেকে ২০ হাজার ২০ পিস বার্মিজ ইয়াবা ও একটি Redmi Note 13 মোবাইল ফোন জব্দ করা হয়।
বিজিবি জানায়, অভিযানের সময় মো. রুবেল মিয়া (৩০), ফাক্রিকাটা এলাকার বাসিন্দা, ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
জব্দ করা ইয়াবার সিজারমূল্য প্রতি পিস ৩০০ টাকা হিসেবে মোট ৬০ লাখ ৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার এবং মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করছে এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।
কালের সমাজ/কে.পি

