ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

বন্যাদুর্গত চট্টগ্রামের ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | আগস্ট ৩, ২০২৬, ০৮:৩৩ পিএম বন্যাদুর্গত চট্টগ্রামের ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

বন্যাকবলিত চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৯ আগস্ট এ সফর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর চূড়ান্ত হয়েছে। সফরে তিনি বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণের পাশাপাশি গৃহহারা পরিবারের জন্য নির্মিত নতুন ঘর হস্তান্তর করবেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফর। সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের পাশাপাশি রাজনৈতিকভাবেও ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।

জানা গেছে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নির্মিত নতুন ঘরগুলোর কাজ প্রায় শেষ পর্যায়ে। সফরকালে তিনি এসব ঘর উপকারভোগীদের কাছে হস্তান্তর করবেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।

পশ্চিম বাঁশখালী এলাকায় একটি সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেওয়ারও কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে সরকারি সহায়তায় পুনর্নির্মিত ১০০টি ঘর ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রধানমন্ত্রীর অবতরণের জন্য নির্ধারিত স্থানে হেলিপ্যাডও প্রস্তুত করা হচ্ছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গুলশানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের ডাকা হয়েছে। সফরকে ঘিরে দলীয় প্রস্তুতিও চলছে বলে জানান তিনি।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। দাপ্তরিকভাবে বিস্তারিত সফরসূচি পাওয়ার পর সেই অনুযায়ী সব আয়োজন সম্পন্ন করা হবে।

কালের সমাজ/কে.পি

 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!