বাংলা কিউআরের ব্যবহার সম্প্রসারণ, নিরাপদ ও ক্যাশলেস লেনদেনে জনসচেতনতা বৃদ্ধি এবং দেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি আয়োজন করেছে একটি বর্ণাঢ্য বাংলা কিউআর সচেতনতামূলক র্যালি।
সোমবার, ৩ আগস্ট ২০২৬ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয় আল-আরাফাহ্ টাওয়ারে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোঃ সরোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বদিউর রহমান এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব সেলিম রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খান।এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অবডিজিটাল ব্যাংকিং ডিভিশন মোঃ আমিনুল ইসলাম ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের এসইভিপি ও হেড অবজিএসডি ইঞ্জিনিয়ার মো: হাবীব উল্লাহ্।
র্যালি শুরুর আগে অতিথিবৃন্দ বাংলা কিউআর ও ডিজিটাল দানবক্স অ্যাকোয়ারিং এক্সিলেন্স ক্যাম্পেইন-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং বাংলা কিউআর প্রচারণা সামগ্রী উন্মোচন করেন। এরপর তাঁদের নেতৃত্বে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি প্রধান কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো সরোয়ার হোসেন বলেন, নিরাপদ, দ্রুত ও সহজ ডিজিটাল লেনদেন নিশ্চিত করতে বাংলা কিউআরের ব্যবহার সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। তিনি স্মার্ট বাংলাদেশ ও ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে ব্যাংক, ব্যবসায়ী ও গ্রাহকদের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব বদিউর রহমান বলেন, বাংলা কিউআর শুধু একটি পেমেন্ট প্রযুক্তি নয়, এটি ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি ও ক্যাশলেস লেনদেন সম্প্রসারণের একটি কার্যকর মাধ্যম। তিনি ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের মধ্যে বাংলা কিউআরের ব্যবহার আরও জনপ্রিয় করতে ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লাহ খান বলেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক গ্রাহকদের জন্য সহজ, নিরাপদ ও শরিয়াহসম্মত ডিজিটাল ব্যাংকিং সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বাংলা কিউআর, ডিজিটাল দানবক্স, ইসলামিক ওয়ালেট, ইন্টারনেট ব্যাংকিং ও ইলমনেটসহ ব্যাংকের বিভিন্ন ডিজিটাল উদ্যোগ ক্যাশলেস লেনদেন সম্প্রসারণ ও আর্থিক অন্তর্ভুক্তিকে আরও গতিশীল করবে।
অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা ঊর্ধ্বতন নির্বাহী, বিভিন্ন বিভাগের প্রধান এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। এই র্যালির মাধ্যমে বাংলা কিউআরের সুবিধা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং নিরাপদ ডিজিটাল লেনদেনের প্রসারে ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
কালের সমাজ/কে.পি

