চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চির্কা চাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে আমেরিকা নিউ জার্সি স্টেট সাউথ বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াত হোসেনকে সংবর্ধনা এবং ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সুপার ফাইভ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
৩ আগস্ট সোমবার সকাল ১০টায় চির্কা চাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অডিটোরিয়াম হলে এ সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধিত অতিথি মো. সাখাওয়াত হোসেন বলেন, আজকের এই সংবর্ধনা আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। চির্কা চাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সঙ্গে আমার যে আত্মিক সম্পর্ক, এই সম্মাননা সেই সম্পর্ককে আরও গভীর করেছে। আমি আমার অবস্থান থেকে এই প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করব। বিশেষ করে শিক্ষার্থীদের শিক্ষা ও মেধা বিকাশে যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা অভ্যহত থাকবে।
চির্কা চাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ সামছুদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চির্কা চাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সভাপতি শফিউল বাশার মুকুল পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম শেখ, অভিবাবক সদস্য মোঃ বিল্লাল হোসেন ব্যাপারী, আবুল বাশার বাদশা মিয়া পাটোয়ারী, প্রাক্তন ছাত্র ও ফরিদগঞ্জ পৌরসভা ৯নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব মোঃ রসু মিয়া, প্রফেসর মোহাম্মদ শাহাদাত হোসেন প্রমুখ।
এ সময় ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সুপার ফাইভ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং আমেরিকা নিউ জার্সি স্টেট সাউথ বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াত হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি দেওয়া মানে শুধু পুরস্কার তুলে দেওয়া নয়, বরং তাদের ভবিষ্যতের পথচলায় আরও ভালো করার অনুপ্রেরণা দেওয়া। আজ যারা সুপার ফাইভে স্থান অর্জন করেছে, তাদের এই সাফল্য অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে।
বক্তারা আরও বলেন, একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানের সম্মিলিত ভূমিকা রয়েছে। তাই শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল এবং অভিভাবকদের প্রতি দায়িত্বশীল হতে হবে।
কালের সমাজ/কে.পি

