ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে ফটিকছড়িতে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

ফটিকছড়ি, চট্টগ্রাম প্রতিনিধি | আগস্ট ৪, ২০২৬, ০৯:৩৩ পিএম প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে ফটিকছড়িতে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রীর সম্ভাব্য চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে ফটিকছড়িতে জোর প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। সম্ভাব্য সফরের নিরাপত্তা, অবকাঠামোগত প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে মঙ্গলবার দুপুরে উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিভাগীয় কমিশনার বলেন, “প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের খবর পাওয়ার পর থেকেই প্রশাসনের সব পর্যায়ে প্রস্তুতি শুরু হয়েছে। তাঁর সম্ভাব্য সফর প্রশাসনিক কার্যক্রমে আরও গতি আনবে। একই সঙ্গে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হবে।”

এদিন তিনি উপজেলার পাইন্দং ইউনিয়নের পেলাঘাজী দিঘি মোড়সংলগ্ন সিএন্ডবি মাঠে নির্মিত হেলিপ্যাড ও আশপাশের এলাকা ঘুরে দেখেন। সফরকে সামনে রেখে নিরাপত্তা, প্রটোকল, যানবাহন চলাচল এবং অন্যান্য আনুষঙ্গিক প্রস্তুতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, সম্ভাব্য সফরে বন্যাকবলিত ফটিকছড়ি, হাটহাজারী ও বাঁশখালী উপজেলা পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। এ উপলক্ষে হেলিপ্যাড নির্মাণ, সড়ক সংস্কার, সম্ভাব্য জনসভাস্থল প্রস্তুত এবং প্রয়োজনীয় অবকাঠামোগত কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।

এদিকে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, সম্ভাব্য সফরসূচিতে বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের বিষয়টিও থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো সরকারিভাবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

পরিদর্শনকালে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মুহাম্মদ ইব্রাহিম, অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

তবে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরসূচি এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি। কেন্দ্রীয় সিদ্ধান্তের পরই এ বিষয়ে বিস্তারিত কর্মসূচি প্রকাশ করা হবে। ততদিন সম্ভাব্য সফরকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি অব্যাহত থাকবে।

কালের সমাজ/কে.পি

Link copied!