ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নিয়ে যা বললেন হ্যারি কেইন

স্পোর্টস ডেস্ক | আগস্ট ১৮, ২০২৬, ১১:২৬ এএম ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নিয়ে যা বললেন হ্যারি কেইন

রেকর্ডময় মৌসুমের পর ফুটবলের ব্যক্তিগত মর্যাদার সবচেয়ে বড় অর্জন ব্যালন ডি’অর আলোচনার মধ্যমণি এখন বায়ার্ন তারকা হ্যারি কেইন। জার্মান জায়ান্টদের হয়ে প্রাক্-মৌসুম প্রস্তুতিতেও তাই আলোচনার অনেকটা জুড়েই ব্যালন ডি’অর। তবে কেইনের চিন্তায় নতুন মৌসুম।

বায়ার্নের জার্সিতে ক্যারিয়ারের সেরা মৌসুম কাটিয়েছেন হ্যারি কেইন। বিশ্বকাপে ইংল্যান্ডের হয়েও ছিলেন অগ্রসেনানীর ভূমিকায়। ক্লাব ও দেশের হয়ে অপ্রতিরোধ্য এই ইংলিশ তারকার নামের পাশে ৬৫ ম্যাচে ৭৩ গোল তারই প্রমাণ। ইউরোপিয়ান গোল্ডেন শু জয়ী এই তারকা এবারের ব্যালন ডি’অর রেসের অন্যতম দাবিদার।

তবে ব্যক্তিগত মর্যাদার এই পুরস্কারের মঞ্চে জায়গা পাওয়া যতটা কঠিন, সেটি জেতা তার চেয়েও বেশি কঠিন। নতুন মৌসুম শুরুর আগে সেটিই মনে করিয়ে দিলেন ইংলিশ তারকা।

বায়ার্ন মিউনিখের ইংলিশ ফুটবলার হ্যারি কেইন বলেন, দেখুন, ব্যালন ডি’অরের নিয়ন্ত্রণ তো আমার হাতে নেই। আমি নিজের কাজটা মাঠে করেছি। গোল আর পরিসংখ্যান তার প্রমাণ। এখন এটি মিডিয়া ও ভোটের মাধ্যমে নির্ধারিত হবে, তাতে আমার কোনো হাত নেই। যদি সত্যিই আমি জিতে যাই, তাহলে সেটা দারুণ ব্যাপার হবে।

প্রথমবারের মতো এই মর্যাদার অর্জনের এত কাছে কেইন। তবুও ব্যালন ডি’অর নয়, ইংলিশ তারকার চোখ বায়ার্ন মিউনিখের জার্সিতে আরও এক দুর্দান্ত মৌসুমের দিকে।

হ্যারি কেইন আরও বলেন, আমার ভাবনায় কেবলই নতুন মৌসুম। ক্লাব হিসেবে আমাদের বেশ কিছু লক্ষ্য আছে। যেভাবে গত মৌসুম শেষ করেছিলাম, তাতে এবার আরও ভালো করার ইচ্ছা আছে। আর তা আমি পারব এ ব্যাপারে নিজের ওপর বিশ্বাস আছে।

মর্যাদার এই লড়াইয়ে কেইনের অন্যতম প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ও বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল। তবে কে হাসবেন শেষ হাসি, তার মীমাংসা হবে অক্টোবরে।

কালের সমাজ/এসআর

Link copied!