ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল করা হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | আগস্ট ১৮, ২০২৬, ০৮:০৮ পিএম শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল করা হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে ভাবছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, ‘শিক্ষকদের বেতন অন্য কোনো পেশার সঙ্গে তুলনা করে নির্ধারণ করা উচিত নয়। জাতি গঠনে তাদের অনবদ্য ভূমিকা বিবেচনায় নিয়ে শিক্ষকদের জন্য আলাদা বেতনকাঠামোর প্রয়োজনীয়তা রয়েছে।’

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত তথ্যপুস্তক পর্যালোচনা বিষয়াক ‘খেলায় খেলায় শিখি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষকদের জীবনমান উন্নয়নসংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিষয়টি নিয়ে সরকার দীর্ঘমেয়াদে চিন্তাভাবনা করছে। তবে বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে নানা সময়ে একাধিক প্রস্তাব আসায় তা নিয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন হচ্ছে।
তিনি স্পষ্ট করে বলেন, ‘শিক্ষকদের জন্য এমন একটি স্বতন্ত্র পে-স্কেল তৈরি করা যেতে পারে, যা অন্য কোনো পেশার সঙ্গে তুলনীয় হবে না। কম কিংবা বেশি যা-ই হোক না কেন—শিক্ষকদের মর্যাদার সঙ্গে অন্য কারোর তুলনা চলে না।’

জাতীয় সংসদে প্রাথমিক শিক্ষকদের বেতন নিয়ে সৃষ্ট এক আলাপের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘সংসদে দাঁড়িয়ে বিরোধী দলের এক সংসদ সদস্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতনের সঙ্গে অন্য পেশার তুলনা করেছিলেন। এমন তুলনা শিক্ষকদের অর্জিত মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শিক্ষকরা জাতির ভবিষ্যৎ গড়ার কারিগর, তাই তাদের বেতন-ভাতার পাশাপাশি পেশাগত সম্মান ও জীবনমান নিশ্চিত করা জরুরি।’

এদিকে শিক্ষা খাতের শিক্ষক-সংকটের চিত্র তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বর্তমানে বিপুলসংখ্যক শিক্ষকের প্রয়োজন। ২০১৭ সাল থেকে শুরু হওয়া আইনি মামলা ও প্রশাসনিক জটিলতায় প্রাথমিকে প্রধান শিক্ষকসহ বিভিন্ন পদে দীর্ঘদিন নিয়োগপ্রক্রিয়া বাধাগ্রস্ত ছিল। তবে বর্তমানে দ্রুততম সময়ে শিক্ষক নিয়োগ সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। এভাবে শিক্ষাপ্রতিষ্ঠান চলতে পারে না।’

তিনি আরো বলেন, ‘কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশের বিপুল জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করতে কারিগরি শিক্ষা ও জীবনমুখী শিক্ষার সুযোগ বাড়াতে হবে।’

অনুষ্ঠানে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক ফরিদ আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।

কালের সমাজ/কে.পি

Link copied!