ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ

নিজস্ব প্রতিবেদক | আগস্ট ১৮, ২০২৬, ০৭:৪৫ পিএম রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ

তফসিল অনুযায়ী, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হওয়ার কথা আগামী ২০ আগস্ট। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) শেষ দিনে কোনো প্রার্থী মনোয়নপত্র প্রত্যাহার করেননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। ফলে ইতিহাসে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে রাষ্ট্রপতি ভোট।

আখতার আহমেদ জানান, রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুজন প্রার্থীর কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে আগামী ২০ আগস্ট (বৃহম্পতিবার) প্রায় ৩৫ বছর পরে দেশে রাষ্ট্রপতি পদে ভোট হতে যাচ্ছে।

ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইসি সচিব বলেন, আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে এই ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণের শুরুতে নির্বাচন কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের (ভোটার) ভোটগ্রহণের পদ্ধতিটা সম্পর্কে জানাবেন।

ভোটগ্রহণ শেষে তখনই প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে জানিয়ে তিনি বলেন, ‘আপনারা দেখবেন আমরা কত তাড়াতাড়ি ফলাফল প্রকাশ করতে পারি। আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

কালের সমাজ/কে.পি

Link copied!