গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী এলাকায় ট্রাক ও লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শফিউল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, টেকেরহাট থেকে গোপালগঞ্জগামী সোনালী পরিবহনের একটি লোকাল বাস বৌলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। আর ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
দুর্ঘটনার পর গোপালগঞ্জ ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালান। নিহত ও আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল এবং গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কালের সমাজ/কে.পি

