ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

কালাইয়ে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ অভিযানে সারের মজুদ যাচাই

জেলা প্রতিনিধি, জয়পুরহাট | আগস্ট ১৮, ২০২৬, ০৭:৪৮ পিএম কালাইয়ে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ অভিযানে সারের মজুদ যাচাই

কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করা এবং সরকারি বরাদ্দকৃত সার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে কি না—তা তদারকির লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বিভিন্ন সারের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফায়সাল আহামেদ ও উপজেলা কৃষি কর্মকর্তা। এ সময় বিভিন্ন সার ডিলারের গোডাউনে থাকা সারের মজুদ যাচাই, বিক্রয়সংক্রান্ত তথ্য পর্যালোচনা এবং সরকারি বরাদ্দের সঙ্গে বাস্তব মজুদের সামঞ্জস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হয়।

অভিযানকালে সংশ্লিষ্ট ডিলার ও ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়। কোনো অবস্থাতেই সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কৃষকদের কাছে সার বিক্রি করা যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুদ কিংবা সরকারি বরাদ্দের সার অনিয়মের মাধ্যমে বিক্রির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ প্রমাণিত হলে ডিলারশিপ বাতিলের মতো কঠোর ব্যবস্থাও গ্রহণ করা হবে।

কৃষকদের স্বার্থে সারের বাজার স্বাভাবিক রাখা, কৃত্রিম সংকট প্রতিরোধ এবং ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

কালের সমাজ/কে.পি

Link copied!