কক্সবাজারের উখিয়ার দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তাহজিবুল উম্মাহ মডেল হিফজ মাদরাসার উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় মাদরাসার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের কো-অর্ডিনেটর হাফেজ মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিনের সঞ্চালনায় এবং প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ হাফিজ উদ্দিন জায়েদের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন আর রহমান ইউনিভার্সেল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা রিয়াদ হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামু উপজেলার মানারাতুল উম্মাহ মাদরাসার পরিচালক মাওলানা বশির উদ্দিন, উখিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রিদওয়ানুল হক জিসান, শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলার অফিস সম্পাদক সরওয়ারুল ইসলাম এবং রাবেতা আল ফুয়াদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাস্টার মোহাম্মদ সেলিম উদ্দিন।
এ সময় মাদরাসার হিফজ বিভাগের প্রধান হাফেজ মুহাম্মদ রায়হান, জেনারেল বিভাগের প্রধান মোহাম্মদ এমদাদুল হক ইমন, হাফেজ মুহাম্মদ রাশেদুল ইসলাম, হাফেজ মুহাম্মদ যোবাইর, হাফেজ আব্দুল্লাহ আনাস, হাফেজ আবু সুফিয়ান, হাফেজ ইমরান হোসেন, হাফেজ ইয়াসিন আরাফাত, হাফেজ মাহমুদুল্লাহ, হাফেজ মুহাম্মদ সোহাইবুল ইসলাম, মাস্টার মারুফ রহমান শিহাব, মহিলা শাখার শিক্ষকবৃন্দসহ মাদরাসার শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক-অভিভাবিকারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক ও মানসম্মত শিক্ষার সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তারা উল্লেখ করেন। পরে দেশ ও জাতির কল্যাণ, মাদরাসার সার্বিক উন্নতি এবং শিক্ষার্থীদের সাফল্য ও ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ বশির উদ্দিন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতা ও শিক্ষাক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
কালের সমাজ/কে.পি

