ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির বিশেষ অভিযান: প্রায় ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার!

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি | আগস্ট ২০, ২০২৬, ১০:১৮ পিএম নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির বিশেষ অভিযান: প্রায় ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার!

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, ২০ আগস্ট ২০২৬ তারিখ বিকেলে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়কের সার্বিক দিকনির্দেশনায় ফুলতলী বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার আনুমানিক বিকেল ৩টার দিকে ফুলতলী বিওপির বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৪৮/১ এস ও সীমান্ত শূন্যলাইন থেকে প্রায় ২০০ গজ পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে শিলেরঝিড়ি নামক স্থানে অভিযান চালায়।

অভিযান চলাকালে টহলদল কয়েকজন চোরাকারবারীর উপস্থিতি টের পেয়ে তাদের ধাওয়া করে। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারীরা সঙ্গে থাকা একটি নীল রঙের প্লাস্টিকের বস্তা ফেলে ঘন জঙ্গলের দিকে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল তল্লাশি করে ফেলে যাওয়া বস্তাটি উদ্ধার করেন। বস্তার ভেতরে থাকা ৫টি কার্টুন থেকে মোট ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার দমনে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে বিজিবি কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত থাকবে। উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

কালের সমাজ/কে.পি

 

Link copied!