ঢাকা বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
কক্সবাজারে জেলা প্রশাসনের অভিযান

রাত ৮টার পর দোকান-শপিংমল খোলা, বিলবোর্ড জ্বালানোয় কঠোর বার্তা

জেলা প্রতিনিধি, কক্সবাজার | আগস্ট ২০, ২০২৬, ০৬:৫১ পিএম রাত ৮টার পর দোকান-শপিংমল খোলা, বিলবোর্ড জ্বালানোয় কঠোর বার্তা

সরকারের বিদ্যুৎ সাশ্রয় নীতিমালা বাস্তবায়নে কক্সবাজার শহরে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার মধ্যে দোকানপাট, শপিংমল ও আলোকিত বিলবোর্ড বন্ধ রাখার বিধি বাস্তবায়নে বুধবার (১৯ আগস্ট) রাতে কক্সবাজার সদর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় ইনফিনিটি, জেন্টল পার্ক, ভিভো, আড়ংসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যেই বন্ধ রাখায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়।
তবে কয়েকটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে সরকারি নির্দেশনা প্রতিপালনে ব্যর্থতার বিষয়টি নজরে আসে। পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে সরকারি নির্দেশনা অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্যুৎ সাশ্রয় শুধু সরকারি উদ্যোগে সম্ভব নয়; এ জন্য ব্যবসায়ী, পেশাজীবী, প্রতিষ্ঠান মালিকসহ সর্বস্তরের নাগরিকের দায়িত্বশীল সহযোগিতা প্রয়োজন।
জাতীয় স্বার্থে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা মেনে চলতে সকলের প্রতি আহ্বান জানিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!