ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

রাষ্ট্রপতি নির্বাচন শেষে মা-বাবার কবর জিয়ারত প্রধানমন্ত্রীর

কালের সমাজ ডেস্ক | আগস্ট ২০, ২০২৬, ০৯:৪৯ পিএম রাষ্ট্রপতি নির্বাচন শেষে মা-বাবার কবর জিয়ারত প্রধানমন্ত্রীর

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন শেষে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৮টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে পৌঁছে তিনি মা-বাবার কবর জিয়ারত করেন।

এর আগে বৃহস্পতিবার দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি নির্বাচন। ভোট গণনা শেষে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

এর আগে দুপুর ২টায় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। প্রথমদিকে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরে অন্যান্য সংসদ সদস্য পর্যায়ক্রমে ভোট দেন।

বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর সংসদ কক্ষেই ভোট গণনা শুরু হয়। নির্বাচন কমিশনের সদস্যদের পাশাপাশি চিফ হুইপ নূরুল ইসলাম মনি ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। গণনা শেষে সিইসি আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করেন।

কালের সমাজ/কে.পি
 

Link copied!