ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

কালের সমাজ ডেস্ক | আগস্ট ২০, ২০২৬, ০৯:৫৬ পিএম বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার অধীন বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে থাকা সব বিদ্যমান কমিটি পুনর্গঠন ও হালনাগাদের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। একই সঙ্গে পুনর্গঠিত কমিটিগুলোর তথ্য আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে।
 

মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে একটি চিঠি জারি করা হয়। এতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-২ মো. আশরাফুল ইসলাম।

চিঠিতে বলা হয়েছে, সরকারি বিভিন্ন কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়নের জন্য স্থানীয় পর্যায়ে একাধিক কমিটি গঠন করা হয়েছে। তবে পর্যালোচনায় দেখা গেছে, এসব কমিটির বেশিরভাগই কয়েক বছর আগে গঠিত হওয়ায় বর্তমানে সেগুলোর তথ্য ও কাঠামো হালনাগাদ নেই। কিছু কমিটির প্রজ্ঞাপন ও কার্যক্রম সম্পর্কিত তথ্যও পাওয়া যাচ্ছে না।
এ অবস্থায় বিদ্যমান সব কমিটি পুনর্গঠন করে প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, কমিটি পুনর্গঠনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব অংশীজনের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। স্থানীয় পর্যায়ে অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব বাড়াতে প্রতিটি পুনর্গঠিত কমিটিতে তিনজন গণ্যমান্য স্থানীয় ব্যক্তিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। তাদের মধ্যে অন্তত একজন নারী থাকা বাধ্যতামূলক। সংশ্লিষ্ট কমিটির সভাপতি বা আহ্বায়ক এসব সদস্য মনোনয়ন দেবেন।
চিঠিতে অগ্রাধিকার ভিত্তিতে সংযুক্ত তালিকায় থাকা ৯৮টি কমিটিসহ মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার অধীন বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য বিদ্যমান কমিটিও হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে।

পুনর্গঠন ও হালনাগাদ কার্যক্রম শেষ করে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করতে বলা হয়েছে।


সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘদিন পর সরকারি বিভিন্ন পর্যায়ের কমিটি পুনর্গঠনের ফলে স্থানীয় পর্যায়ে সরকারি কার্যক্রমে অংশীজনের অংশগ্রহণ, সমন্বয় ও জবাবদিহি আরও কার্যকর হতে পারে।


কালের সমাজ/কে.পি

 

Link copied!