ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

কুমিল্লায় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতিকে প্রশিক্ষণ

রায়হান মজুমদার, নাঙ্গলকোট (কুমিল্লা) | আগস্ট ৩০, ২০২৬, ০৭:৪৭ পিএম কুমিল্লায় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতিকে প্রশিক্ষণ

শিক্ষার মানোন্নয়নে কুমিল্লায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতিদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (২৯ আগস্ট) বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ময়নামতি অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা-১০ আসনের এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া।  এই আয়োজন করে সিটিজেন ডেভেলপমেন্ট সোসাইটি (সিডিএস)। প্রশিক্ষণে নাঙ্গলকোট ও লালমাই উপজেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ও পরিচালনা পর্ষদের সদস্যদের দায়িত্ব, নেতৃত্ব, জবাবদিহি, ক্ষমতা ও সীমাবদ্ধতা এবং প্রতিষ্ঠান পরিচালনার দক্ষতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। 

প্রধান অতিথির বক্তব্যে মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হওয়া শুধু একটি পদ বা সামাজিক মর্যাদার বিষয় নয়। একজন সভাপতিকে প্রতিষ্ঠানের শিক্ষার মান, শিক্ষক ও শিক্ষার্থীদের সমস্যা, শৃঙ্খলা, জবাবদিহি এবং সামগ্রিক শিক্ষাবান্ধব পরিবেশ উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। কর্মশালায় শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি এবং সভাপতির দায়িত্ব ও কর্তব্য নিয়ে প্রশিক্ষণ দেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, চট্টগ্রামের সহকারী অধ্যাপক ফরহাদ উদ্দিন আহমেদ ও ড. শামসুদ্দীন শিশির শিক্ষায় সভাপতির ভূমিকা, অংশীজনের দায়বদ্ধতা এবং ক্ষমতা ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করেন লালমাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ,নাঙ্গলকোট উপজেলা কর্মকর্তা মোহাম্মদ ইউনুস ।
 

বিশেষ সেশনে কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের শিক্ষার মানোন্নয়নে সভাপতির ভূমিকা নিয়ে বক্তব্য দেন। প্রতিষ্ঠানের কার্যকারিতা উন্নয়নের জন্য পরিবর্তন পরিচালন দক্ষতা অর্জনের কৌশল বিষয়ে বক্তব্য দেন অর্গানাইজেশন ডেভেলপমেন্ট কনসালট্যান্টের কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ নুরুল আফসার। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মানোন্নয়নে ট্র্যাকিং সিস্টেম নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন নিশ্চিন্তপুর আব্দুল গফুর ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি শাহ নেওয়াজ নিজাম। কর্মশালায় চলতি বছেরের ফলাফল পর্যালোচনা, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শনাক্তকরণ, সভাপতিদের করণীয়, প্রতিষ্ঠান পরিচালনায় পরিবর্তন ব্যবস্থাপনা এবং বাস্তব সমস্যা নিয়ে দলগত কাজ ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান এবং লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত বিশ্বাস দাশ। সভাপতিত্ব করেন সিডিএস চেয়ারম্যান আফসানা ভূঁইয়া। স্বাগত বক্তব্য দেন সিডিএস পরিচালক ও নাঙ্গলকোট-লালমাই উপজেলা শিক্ষা কমিটির সদস্য সামছুদ্দিন ইলিয়াস।

কালের সমাজ/কে.পি

Link copied!