ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩

স্থানীয় সরকার নির্বাচনের তফসিল কবে, জানালেন সিইসি

কালের সমাজ ডেস্ক | আগস্ট ২৭, ২০২৬, ০৬:৩৮ পিএম স্থানীয় সরকার নির্বাচনের তফসিল কবে, জানালেন সিইসি

চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরুর পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করার লক্ষ্য রয়েছে। তবে প্রয়োজন হলে তফসিল অক্টোবরেও দেওয়া হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে পরীক্ষা, দুর্গাপূজাসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিতে হচ্ছে। এসব পরিস্থিতি সমন্বয় করেই নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করা হবে। চলতি বছরের মধ্যেই স্থানীয় নির্বাচনের প্রথম ধাপের ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, নভেম্বর মাসে যেন বার্ষিক পরীক্ষা আয়োজন না করা হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাবে কমিশন। পরীক্ষা নভেম্বরে না হলে ডিসেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার সুযোগ তৈরি হবে।

এ এম এম নাসিরউদ্দিন আরও বলেন, নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন থাকলেও ভোটের তারিখ নির্ধারণের ক্ষেত্রে ইসিকে বিভিন্ন জাতীয় কর্মসূচি ও পরিস্থিতি বিবেচনায় নিতে হয়। আগামী বছরের শুরুতে এসএসসি পরীক্ষাও রয়েছে। এসব বিষয় মাথায় রেখেই নির্বাচনের সময় নির্ধারণ করা হবে।

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক প্রসঙ্গে সিইসি জানান, প্রায় ৪০ মিনিটের ওই সাক্ষাতে নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনকে অবাধ, বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য করতে রাষ্ট্রপতির সহযোগিতা চাওয়া হয়েছে। রাষ্ট্রপতি এ বিষয়ে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সিইসি বলেন, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার বিষয়ে রাষ্ট্রপতি আগ্রহ প্রকাশ করেছেন। তাকে জানানো হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন এবং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের জন্য ইসি প্রস্তুত রয়েছে।

তিনি জানান, এসব নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শিগগিরই বৈঠক করবে কমিশন। নির্বাচনের প্রয়োজনীয় সরঞ্জাম কেনাকাটার প্রক্রিয়াও শেষ হয়েছে। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থাও থাকবে।

স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নিয়ে আবারও প্রশ্ন করা হলে সিইসি বলেন, কমিশন প্রস্তুত থাকলেও পরীক্ষা, ধর্মীয় উৎসব ও অন্যান্য জাতীয় কর্মসূচির সময়সূচি বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

কালের সমাজ/কে.পি

 

 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!