নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীর পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৬ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর (শিমুলতলী) সংলগ্ন আত্রাই নদীতে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো—রসপুর (শিমুলতলী) গ্রামের মোঃ তৌহিদুল ইসলামের ছেলে মোহাম্মদ জিসান উন নবী (৯) এবং একই গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের ছেলে মোঃ তাওহিদ ইসলাম (৭)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে জিসান ও তাওহিদ একসঙ্গে বাড়ি থেকে বের হয়ে অন্যান্যদের সাথে রসপুর গ্রাম সংলগ্ন আত্রাই নদীতে মাছ ধরতে যায়।
কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে নদী ও আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় বাসিন্দা মোশাররফ হোসেন নদীতে মাছ ধরার জন্য জাল ফেললে শিশু দুটির নিথর দেহ জালের সঙ্গে উঠে আসে। পরবর্তীতে উপস্থিত স্থানীয়রা ও শিশুদের অভিভাবকরা দ্রুত উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ধামইরহাট থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। একই গ্রামের দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কালের সমাজ/কে.পি

