ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

আঞ্চলিক সংঘাত ও সামুদ্রিক নিরাপত্তা নিয়ে ইস্তাম্বুলে বসছেন ৭ দেশের পররাষ্ট্রমন্ত্রী

কালের সমাজ ডেস্ক | অক্টোবর ২২, ২০২৬, ১০:২৫ পিএম আঞ্চলিক সংঘাত ও সামুদ্রিক নিরাপত্তা নিয়ে ইস্তাম্বুলে বসছেন ৭ দেশের পররাষ্ট্রমন্ত্রী

আঞ্চলিক সংঘাত নিরসন, সামুদ্রিক নিরাপত্তা জোরদার এবং আন্তর্জাতিক নৌপথে অবাধ চলাচল নিশ্চিত করতে তুরস্কের ইস্তাম্বুলে বৈঠকে বসছেন সাত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। শুক্রবার (২৩ অক্টোবর) অনুষ্ঠেয় এই বৈঠকে ইরান, ইয়েমেন ও ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) তুরস্কের একটি কূটনৈতিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের আমন্ত্রণে বৈঠকে অংশ নেবেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আতি, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান এবং যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা।

তুর্কি কূটনৈতিক সূত্রের দাবি, আঙ্কারার বিশেষ উদ্যোগে প্রথমবারের মতো এই সাত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আনুষ্ঠানিকভাবে একসঙ্গে বৈঠকে বসছেন। ইরান, ইয়েমেন ও ইউক্রেনকে ঘিরে চলমান সংঘাত বৈশ্বিক নৌপরিবহন এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বৈঠকে ইসরায়েল-ফিলিস্তিন সংকট, হরমুজ প্রণালীর পরিস্থিতি, ইয়েমেনের সাম্প্রতিক ঘটনাবলি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টা নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি আঞ্চলিক ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পাবে।

কূটনৈতিক সূত্রের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের কূটনৈতিক সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দেবেন হাকান ফিদান। একই সঙ্গে হরমুজ ও বাব আল-মানদেব প্রণালীতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করার বিষয়টি তুলে ধরবেন তিনি।

এ ছাড়া তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’র আওতায় ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার বিরুদ্ধে সৌদি আরবের নিরাপত্তায় তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করতে পারেন ফিদান।

ইউক্রেন যুদ্ধ যাতে কৃষ্ণসাগরে ছড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে তুরস্কের প্রচেষ্টার বিষয়টিও বৈঠকে তুলে ধরবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে যুদ্ধের কারণে সৃষ্ট আঞ্চলিক নিরাপত্তাঝুঁকি নিয়েও আলোচনা করবেন তিনি।

কালের সমাজ/কে.পি
 

ভিনদেশ বিভাগের আরো খবর

Link copied!