প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে টোকিও উপস্থিত থাকছেন না বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। তাকে ঢাকায় থাকার নির্দেশ দেয়া হয়েছে। তার পরিবর্তে প্রধানমন্ত্রীর সফরকালীন কূটনৈতিক ও সার্বিক বিষয়ে সমন্বয় করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলাম। কূটনৈতিক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। সূত্রের তথ্যমতে, দাউদ আলীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ পেয়েছে ঢাকা। তবে অভিযোগের বিষয়ে খোলাসা করেনি সূত্র।
আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে দেশটি সফর করবেন তারেক রহমান। সাধারণত সরকারপ্রধানের সফরের সময় সংশ্লিষ্ট রাষ্ট্রদূত সার্বিক বিষয় দেখভাল করেন। কিন্তু দাউদ আলীর ক্ষেত্রে এর ব্যতিক্রম হচ্ছে। তাকে ঢাকায় থাকার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া তাকে ফের টোকিওতে পাঠানো হবে কিনা— সে বিষয়টিও পুনর্বিবেচনা করা হচ্ছে।
কূটনৈতিক সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সফরের সার্বিক বিষয় তত্ত্বাবধানে থাকবেন নজরুল ইসলাম। তিনি ইতিমধ্যেই ঢাকা ছেড়েছেন। বর্তমানে টোকিওতে অবস্থান করছেন তিনি। সূত্র জানায়, দাউদ আলীকে গত বৃহস্পতিবার ঢাকায় ডেকে পাঠানো হয়। পররাষ্ট্রের নির্দেশ পেয়ে তিনি তড়িৎ ঢাকায় আসেন।
সফরসূচি অনুযায়ী ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক হবে। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়ন নিয়ে আলোচনার কথা রয়েছে।
কালের সমাজ/কে.পি

