বিশেষ কমিটি গঠনের উদ্যোগ এবং গণভোটের রায় বাস্তবায়ন না করার প্রতিবাদে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনের কার্যক্রমের শেষ পর্যায়ে রাত ৮টা ৫ মিনিটে ওয়াকআউটের ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
ওয়াকআউটের কারণ ব্যাখ্যা করে বিরোধীদলীয় নেতা বলেন, জনগুরুত্বপূর্ণ নানা বিষয় সংসদের আলোচনায় থাকার পরও অধিবেশনের শুরুতেই কয়েকটি বিশেষ কমিটি গঠনের কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, এসব বিষয়ের চেয়ে গণভোটের রায় অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করাই বেশি গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু সরকারি দল জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সময়ক্ষেপণ করছে বলে অভিযোগ করেন তিনি।
গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারের গড়িমসির প্রতিবাদেই বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউটের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান শফিকুর রহমান।
কালের সমাজ/কে.পি

