ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

রমজান ঘিরে বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে জেলা প্রশাসন

কালের সমাজ ডেস্ক | ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৯:০২ পিএম রমজান ঘিরে বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে জেলা প্রশাসন

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে পিরোজপুর জেলা প্রশাসন। এ লক্ষ্যে জেলার বিভিন্ন অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পিরোজপুর জেলা প্রশাসন এর উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সাঈদ।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর সহকারী পরিচালকসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়া ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, জেলা পুলিশের প্রতিনিধি, গোয়েন্দা সংস্থার সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় অংশ নেন। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাজহারুল ইসলাম।

সভায় বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পিরোজপুর জেলা শাখার সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। তিনি বলেন, ভেজাল রোধ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের পাশাপাশি সাধারণ জনগণকে সচেতন করতে কার্যকর কর্মসূচি গ্রহণ জরুরি। এ বিষয়ে জনসচেতনতামূলক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিং জোরদার করা হবে। প্রতিটি দোকানে মূল্য তালিকা টানানো বাধ্যতামূলক করতে হবে এবং পাইকারি ব্যবসায়ীদের পাকা রসিদ ছাড়া কোনো পণ্য ক্রয়-বিক্রয় না করার বিষয়টি কঠোরভাবে তদারকি করা হবে।
তিনি আরও বলেন, কোনো ধরনের ভেজাল খাদ্য বা পণ্য বিক্রি বরদাশত করা হবে না। প্রতিটি উপজেলায় একটি করে মনিটরিং টিম গঠন করে তাদের কার্যক্রমের নিয়মিত প্রতিবেদন সরাসরি জেলা প্রশাসকের কাছে দাখিলের নির্দেশ দেওয়া হবে।

জেলা প্রশাসক সতর্ক করে বলেন, নির্দেশনা অমান্য করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজারে শৃঙ্খলা ও সরবরাহ ব্যবস্থায় স্থিতিশীলতা বজায় রাখতে সরকার বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন।

এসময় তিনি ইসলামিক ফাউন্ডেশন-এর প্রতিনিধিকে মসজিদে মসজিদে খাদ্যে ভেজাল ও অতিরিক্ত মূল্য আদায়ের কুফল সম্পর্কে ইমামদের দ্বারা ধর্মীয় বয়ানের মাধ্যমে মুসল্লিদের সচেতন করার আহ্বান জানান। পাশাপাশি বিক্রেতা ও ক্রেতা উভয়কেই মানবিক ও দায়িত্বশীল আচরণ করার তাগিদ দেন। সভায় অংশগ্রহণকারী ব্যবসায়ী নেতৃবৃন্দ বাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!