ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক | ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১২:১১ পিএম স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এই শ্রদ্ধা জানান তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এরপর মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে আবারও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তারেক রহমান।

নির্ধারিত সূচি অনুযায়ী, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর থেকে সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন তিনি। সেখানে ১ নম্বর ভবনে (মন্ত্রিপরিষদ ভবন) প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত দপ্তরে দুপুর সাড়ে ১২টা থেকে তিনি তাঁর প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন। দুপুর সাড়ে ১২টা: মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেবেন।

May be an image of one or more people and text

বিকেল ৩টা: নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিশেষ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। এটিই হবে নতুন সরকারের প্রথম নীতিনির্ধারণী বৈঠক।

বিকেল ৪টা: সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান।

এর আগে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই আয়োজনে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে ৪৯ জন শপথ নেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সবাইকে শপথবাক্য পাঠ করান।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!