তিন দিনের সরকারী সফরে রোববার (৭ জুন) রাশিয়া গেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর এটি ড. খলিলুর রহমানের বিদেশে প্রথম সরকারী সফর। সফরে দ্বিপক্ষীয় নানা বিষয়ের পাশাপাশি জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনসহ আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।
কুটনৈতিক সূত্রে জানা যায়, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মস্কো সফরের দ্বিতীয় দিনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এর পাশাপাশি তিনি রুশ সরকারের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন প্রতিনিধির সঙ্গে দেখা করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সামগ্রিকভাবে দুই দেশের মধ্যে জ্বালানি ও অর্থনীতি, বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে সহযোগিতা রয়েছে। ইউক্রেন যুদ্ধ-পরবর্তী নিষেধাজ্ঞাজনিত চ্যালেঞ্জ মোকাবিলা দুই দেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আগামী সোমবার অনুষ্ঠেয় দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়গুলো গুরুত্ব পাবে।
কালের সমাজ/এএইচবি

