মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আলজাজিরার।
শনিবার (২৫ জুলাই) দেইর এজ-জর ও রাজধানী দামেস্ককে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ৪০০ কিলোমিটারের বেশি দীর্ঘ এই সড়কটি পূর্বাঞ্চলীয় সিরিয়ার সঙ্গে রাজধানীর প্রধান যোগাযোগপথ হিসেবে ব্যবহৃত হয়। দুর্ঘটনাটি আল-সুখনা ও পালমিরা এলাকার মধ্যবর্তী অংশে ঘটেছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে ঘটনাস্থলে একাধিক হেলিকপ্টার পাঠানো হয়। পরে তাদের হোমসের একটি সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা দল মোতায়েন করা হয়।
দীর্ঘ প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধের কারণে সিরিয়ার সড়ক ও অন্যান্য বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দেশের অনেক মহাসড়কই নিরাপত্তাহীন ও দুর্ঘটনাপ্রবণ হিসেবে পরিচিত।
এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি সাড়াদানবিষয়ক মন্ত্রী রায়েদ আল-সালেহ জানান, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত সিরিয়ায় দুই হাজারের বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে। তার ভাষ্য অনুযায়ী, দেশটিতে মৃত্যুর অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে সড়ক দুর্ঘটনা।
একুশে সংবাদ/ওজি

