ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

মান্দায় সামাজিক বনায়নের গাছ উন্মুক্ত নিলামে বিক্রি, অর্ধশতাধিক সুফলভোগীদের মাঝে অর্থ বিতরণ

এম এ মতিন, মান্দা (নওগাঁ) | জুলাই ২২, ২০২৬, ০৮:৪৯ পিএম মান্দায় সামাজিক বনায়নের গাছ উন্মুক্ত নিলামে বিক্রি, অর্ধশতাধিক সুফলভোগীদের মাঝে অর্থ বিতরণ

নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় রোপণ করা গাছ উন্মুক্ত নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি নীতিমালা অনুযায়ী সুফলভোগী ও সংশ্লিষ্ট অংশীদারদের মধ্যে বিতরণ করা হয়েছে। দীর্ঘদিন পর গাছ বিক্রির অর্থ হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সুফলভোগীরা।

বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলার ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, দ্বারিয়াপুর(এফডব্লিউএডি) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিক্রয়লব্ধ অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, ২০০৫ সালে দ্বারিয়াপুর ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (এফডব্লিউএ) ও প্রসাদপুর ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে ১২ বছর মেয়াদি সামাজিক বনায়ন কর্মসূচি শুরু হয়। এর আওতায় দ্বারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে মণ্ডলপাড়া, খাঁপাড়া ও প্রামাণিকপাড়া পর্যন্ত সরকারি গ্রামীণ সড়কের পাশে আম ও ইউক্যালিপটাসের গাছ রোপণ করা হয়। চুক্তি অনুযায়ী গাছ কাটার মেয়াদ ২০১৭ সালে শেষ হলেও বিভিন্ন কারণে তা বাস্তবায়ন বিলম্বিত হয়।

পরে গত ৪ জুলাই গাছ বিক্রির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং ১২ জুলাই উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে বিভিন্ন এলাকার ২১ জন ব্যবসায়ী অংশ নেন। সর্বোচ্চ ৯ লাখ ৭০ হাজার টাকায় গাছগুলো কিনে নেন স্থানীয় ব্যবসায়ী আব্দুস সামাদ।

অনুষ্ঠানে আরও জানানো হয়, সরকারি নীতিমালা অনুযায়ী বিক্রির অর্থ সুফলভোগী, ইউনিয়ন পরিষদ, ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন(এফডব্লিউএডি) দ্বারিয়াপুর এবং অন্যান্য প্রাপকদের মধ্যে বণ্টন করা হয়েছে। যদিও রাস্তার পাশের জমির মালিকদের চুক্তি অনুযায়ী কোনো অংশীদারিত্ব ছিল না, মানবিক বিবেচনায় তাঁদের ১০ শতাংশ অর্থ প্রদান করা হয়েছে। এতে জমির মালিকরা সন্তোষ প্রকাশ করেন।

অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন। বিশেষ অতিথি ছিলেন বিএনপি মহিলা দলের সহসভাপতি আসমা ইসলাম এবং মটগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদরুল ইসলাম। সভাপতিত্ব করেন  ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, দ্বারিয়াপুর (এফডব্লিউএডি) এর চেয়ারম্যান লুৎফর রহমান খান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সামাজিক বনায়ন শুধু পরিবেশ সংরক্ষণেই নয়, স্থানীয় মানুষের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের কর্মসূচি আরও সম্প্রসারণের মাধ্যমে পরিবেশ রক্ষা ও জনসম্পৃক্ত উন্নয়ন কার্যক্রম জোরদার করার আহ্বান জানান তাঁরা।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!