ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

ঈদগাঁও-কক্সবাজার ডিসি সড়কে গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনা

শেফাইল উদ্দিন, কক্সবাজার | জুলাই ১৬, ২০২৬, ০১:৩২ পিএম ঈদগাঁও-কক্সবাজার ডিসি সড়কে গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনা

ঈদগাঁও-কুরুস্কুল-কক্সবাজার ডিসি সড়কে একটি কৃষ্ণচূড়া গাছের বড় ডালপালা কাটাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং পরিস্থিতি অবনতির আশঙ্কা করছেন এলাকাবাসী।

জানা গেছে, সড়কের মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেইভ দ্য চিলড্রেন-এর একটি বিলবোর্ড রয়েছে। ওই বিলবোর্ডের সামনে থাকা একটি কৃষ্ণচূড়া গাছের বড় ডালপালা এবং সড়কের পাশের আরও একটি গাছ বুধবার (১৫ জুলাই) বিকেলে কেটে ফেলা হয়। পরে কাটা ডালপালা কয়েকজন ব্যক্তি নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের নজরে এলে তাদের আটকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

আটক ব্যক্তিরা স্থানীয়দের জানান, এনজিও সংস্থার লোকজন গাছ কেটে চলে গেছেন এবং তাদের টাকা দিয়ে ডালপালা সরিয়ে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিলবোর্ড স্থাপিত জায়গার মালিক ও জুমবাড়ি মসজিদের মোতাওয়াল্লি আতিকুর রশিদ তারেক অভিযোগ করে বলেন, “আমার জায়গায় বিলবোর্ড বসিয়ে আমার দীর্ঘদিনের যত্নে বড় করা কৃষ্ণচূড়া গাছটি কেটে ফেলা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব।”

অন্যদিকে, সেইভ দ্য চিলড্রেনের জালালাবাদ ইউনিয়নের কমিউনিটি মোবিলাইজার ওবাইদুল হক বলেন, “আমাদের সংস্থা থেকে গাছ কাটার কোনো নির্দেশ দেওয়া হয়নি। কে বা কারা গাছ কেটেছে, তা ঘটনাস্থলে গিয়ে খোঁজ নেব এবং বিষয়টি কর্তৃপক্ষকে জানাব।”

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে যে কোনো সময় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা বা লিখিত অভিযোগের তথ্য পাওয়া যায়নি।

কালের সমাজ/এসআর

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!