কক্সবাজারে বিশেষ অভিযানে ঢাকাগামী একটি স্লিপার কোচ থেকে ৯২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাসটির হেল্পারকে আটক করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত বিলাসবহুল স্লিপার কোচটি জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় বাসচালক পালিয়ে যান।
শনিবার (১১ জুলাই) গভীর রাতে কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন সেন্টমার্টিন ট্রাভেলসের কাউন্টারের সামনে এ অভিযান পরিচালনা করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় কক্সবাজার থেকে ঢাকাগামী সেন্টমার্টিন ট্রাভেলসের একটি স্লিপার কোচে তল্লাশি চালিয়ে স্লিপিং সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৯২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় বাসের হেল্পার মো. শেখ রাতুল (২৩)-কে আটক করা হয়েছে। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়। তবে বাসচালক নাজমুল পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক চালককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে কক্সবাজার জেলা পুলিশের `জিরো টলারেন্স` নীতির অংশ হিসেবে বিশেষ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
কালের সমাজ/এসআর

