ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার প্রতিবাদে ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া | জুলাই ১৭, ২০২৬, ০৭:১৬ পিএম অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার প্রতিবাদে ঐক্যবদ্ধ  ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

শহরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনার স্তুপ, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা এবং ক্রমবর্ধমান পরিবেশ দূষণের প্রতিবাদে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য ব্রাহ্মণবাড়িয়া গড়ে তোলার দাবিতে মানববন্ধন করেছে সামাজিক সংগঠন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৩টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক অংশগ্রহণ করেন।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ আরিফ বিল্লাহ আজিজী বলেন,ব্রাহ্মণবাড়িয়া শহর দিন দিন ময়লা-আবর্জনার স্তূপে পরিণত হচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমস্থলের পাশে দিনের পর দিন বর্জ্য পড়ে থাকায় দুর্গন্ধে মানুষের চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি শহরের সৌন্দর্য ও ইতিবাচক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পৌরসভার নিয়মিত ও কার্যকর বর্জ্য অপসারণ ব্যবস্থার অভাবে পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। একটি পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।"

মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে ছিল বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড। প্ল্যাকার্ডে লেখা ছিল— পরিচ্ছন্ন ব্রাহ্মণবাড়িয়া চাই পরিচ্ছন্ন শহর গড়তে হলে ময়লার স্তূপ সরাতে হবে আমার শহর ময়লা কেন পরিবেশ বাঁচান, শহর বাঁচান" ইত্যাদি।

এ সময় বক্তব্য রাখেন সৈয়দ মোহাম্মদ শাহিনুর রহমান, তারিফুল হাসান, সাঈদ আব্দুল হিমু, সজল চৌধুরী, আশিক, আল ফারাবী, তানিমুল ইসলাম উদয়, রফি চৌধুরী, শামিম আহমেদ, দেলোয়ার হোসাইন ও মোহাম্মদ তানজিল। এছাড়াও সংগঠনের সদস্য, শিক্ষার্থী এবং সচেতন নাগরিকরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, একটি আধুনিক ও বাসযোগ্য শহরের অন্যতম শর্ত হলো কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা। তাই দ্রুত শহরের ময়লা-আবর্জনা অপসারণ, নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা নিশ্চিত করা, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি উদ্যোগ নেওয়া প্রয়োজন।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য ব্রাহ্মণবাড়িয়া গড়ে তুলতে সকল নাগরিককে সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি জনস্বার্থে এ আন্দোলন ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!